অপারেশন ডেভিল হান্টে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশের পরিত্যক্ত টয়লেট থেকে রাইফেলটি উদ্ধার করা হয়। অস্ত্রটি গত বছরের ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানা থেকে লুট হয়।
টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক শাহ আলী জানান, সকাল ৯টার দিকে উপজেলার সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই এলাকার আতাউর রহমানের নির্মাণাধীন ভবনের পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ভেতর চাইনিজ রাইফেলের সন্ধান পান তারা।
পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেলটি উদ্ধার করতে সক্ষম হয়।
