অর্ধশত স্থাপনা পুড়ে ছাই

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ এএম

নীলফামারীর সৈয়দপুরে ১৩ পরিবারের ৩২টি বসতঘর পুড়ে গেছে। গত সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর পশ্চিমপাড়া গ্রামে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, মৃত ওসমান আলীর ছেলে সেকেন্দার আলীর বাড়িতে প্রথমে আগুন লাগে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও পাশের রংপুরের তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩২টি ঘর ভস্মীভূত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করা তারাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রহমত হোসেন বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেছি। আগুনে শোয়ারঘর, গোয়ালঘরসহ হাঁস-মুরগি পুড়ে গেছে।’

লক্ষ্মীপুরের রামগতি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২০টি দোকানঘর। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় রামগতি বাজারের মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডার থেকে দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।

রামগতি ফায়ার সার্ভিসের উপপরিদর্শক জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত