দুবাই যাচ্ছেন স্কোয়াডের বাইরের তিন পেসার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ক্যাম্প করছে বাংলাদেশ দল। সেখানে অনুশীলন সহায়তার জন্য স্কোয়াডের বাইরে থেকে তিন পেসারÑ হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীকে নেওয়া হয়েছে। তবে চমকের বিষয়, স্কোয়াড থেকে বাদ পড়া শরিফুল ইসলাম নেই এই তালিকায়!

বিশ্বকাপ বা চ্যাম্পিয়নস ট্রফির মতো মেগা ইভেন্টের আগে ব্যাকআপ পেসার রাখা গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে ব্যাটারদের অনুশীলনে সহায়তার জন্য প্রয়োজন বাড়তি বোলার, কারণ মূল স্কোয়াডের পেসারদের জন্য টানা বল করাও কষ্টসাধ্য। তাই তিনজন পেসার যাচ্ছেন শুধুমাত্র অনুশীলনের জন্য।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ‘নেটে ব্যাটসম্যানদের বল করার জন্য বাড়তি পেসার দরকার হবে, তাই স্কোয়াডের বাইরে থেকে তিনজনকে নেওয়া হয়েছে।’

তবে এখানে বড় চমক শরিফুল ইসলামের অনুপস্থিতি। নিয়মিত পারফরমার হওয়া সত্ত্বেও চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি তিনি। এবার ক্যাম্পেও রাখা হয়নি তাকে। বিসিবির ব্যাখ্যা অনুযায়ী, টানা বিপিএল খেলার কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রামে রাখা হয়েছে শরিফুলকে।

এদিকে প্রস্তুতির মধ্যেই দুশ্চিন্তার খবর নেটে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি ডেলিভারি গিয়ে আঘাত করে তার ডান হাতে। দ্রুত স্ক্যান করানো হলেও স্বস্তির খবর হলো, চোট গুরুতর নয়। আপাতত স্কোয়াড থেকে বাদ পড়ার শঙ্কা নেই তার।

তবে বাংলাদেশ দল কোনো ঝুঁকি নিতে চায় না। তাই স্কোয়াডের বাইরে থাকা লিটন দাসকেও ডাকা হয়েছে দুবাই ক্যাম্পে। শেষ মুহূর্তে যদি সৌম্য পুরোপুরি ফিট না থাকেন, তবে লিটন যেন প্রস্তুত থাকেন দলের সঙ্গে যোগ দিতে।

এর আগে উইন্ডিজ সফরে একই হাতে চোট পেয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি সৌম্য। বিপিএল শুরুর সময়ও ছিলেন মাঠের বাইরে। এবার চ্যাম্পিয়নস ট্রফির আগে আবার সেই একই জায়গায় চোট পেলেন, যা বাংলাদেশ দলের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হতে পারে।

আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত