আজ ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, শ্রোতাসম্মেলন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ৯টায় র্যালিটি জাতীয় বেতার ভবন থেকে শুরু হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে ভবনে এসে শেষ হবে। র্যালিতে বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করবেন। সকাল ১০টায় বাংলাদেশ বেতার প্রাঙ্গণে সারা দেশের শ্রোতাদের অংশগ্রহণে হবে শ্রোতাসম্মেলন।
এরপর বিকেল ৪টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সভায় বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুসান ভিজ। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
