আলোচনা সভায় বক্তারা

রাজনৈতিক দলগুলো একমত হলেই জাতীয় ঐকমত্য সম্ভব

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ এএম

রাজনৈতিক দলগুলো একমত হলেই জাতীয় ঐকমত্য সম্ভব বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ঐকমত্যের ক্ষেত্রে ১৭ কোটি মানুষের কাছে একই মত পাওয়া সম্ভব নয়, যাওয়াও সম্ভব নয়। যেহেতু রাজনৈতিক দলগুলো মানুষের বা জনগণের প্রতিনিধিত্ব করে, তাহলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই জাতীয় ঐকমত্য সম্ভব। কারণ সরকার জাতীয় ঐকমত্য করতে গেলে রাজনৈতিক দলগুলোর কাছেই আসবে। জাতীয় ঐকমত্যের বৈধতার ক্ষেত্রে গণভোটের বিকল্প নেই। এর মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে হবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন।

‘সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐকমত্যের বিকল্প নেই’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ঐকমত্যের বিকল্প নেই। ঐকমত্যের মাধ্যমে সব সম্ভব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য করতে হবে। কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করে দেশ চালাব। যত সমস্যার একমাত্র সমাধান নির্বাচন।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন স্বপন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ প্রমুখ সভায় বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত