১০ মিনিটেই অন-অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০ এএম

বিদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সেবা সহজ করতে একটি অ্যাপ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য এ ভিসার অ্যাপ উদ্বোধন করেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে আসার পর ১০ মিনিটের মধ্যেই বিদেশিদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে। বর্তমানে বিশ্বের ১৪টি দেশের নাগরিকরা বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসার আওতায় রয়েছে। আগে অন-অ্যারাইভাল ভিসা পেতে বিদেশি নাগরিকদের ৪০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হতো। বর্তমানে তারা মাত্র ১০ মিনিটেই অন-অ্যারাইভাল ভিসা হাতে পাবেন।

অ্যাপ উদ্বোধন করে সুবিধা তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, ‘অনলাইনে ইনফরমেশন দেওয়ার পর আমাদের এখানে কাগজপত্র ঠিক থাকলে একটা কোড আবেদনকারী পাবেন। এরপর বাংলাদেশে আসার পর কোড দেখানোর পাশাপাশি ডলারে পেমেন্ট করলে ভিসা পেয়ে যাবেন। পেমেন্ট কার্ড ও ক্যাশে দুটোতেই দেওয়া যাবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেসব দেশের সঙ্গে চুক্তি আছে, অন-অ্যারাইভেল ভিসা তাদের জন্যই। আর যেসব দেশের সঙ্গে চুক্তি নেই, তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।’ পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কি না, সেটা বিবেচনা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট যেন সহজ হয়, এজন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া যায় কি না বা থাকলেও কত সহজ করা যায় এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা চেষ্টা করব পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের যাতে দরকারই না হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত