গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল গত কয়েকদিনে, তা অবশেষে কেটে গেছে। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের হাতে বন্দি তিন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে গতকাল শনিবার। এর বিনিমিয়ে ইসরায়েলের বন্দিশিবির থেকে মুক্তি পেয়েছে ৩৬৯ জন ফিলিস্তিনি।
রয়টার্স জানাচ্ছে, তিন ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়ার আগে গতকাল গাজার খান ইউনিস শহরে একটি মঞ্চের দিকে তাদের নিয়ে যেতে দেখা যায় হামাস যোদ্ধাদের। সেখানে জমায়েত হওয়া লোকজনের উদ্দেশে তিনজনকে ভাষণ দিতে বলা হয়। তারা যুদ্ধবিরতি চুক্তির আওতায় বাকি জিম্মি ও বন্দি বিনিময় শেষ করার আহ্বান জানান। এরপর তাদের রেডক্রসের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে মুক্তি পাওয়া তিন জিম্মির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন সাগুই দেকেল চেন, সাশা ত্রুপানভ ও ইয়াইর হর্ন। তাদের ফেরত পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনীও। জিম্মিদের স্বাগত জানাতে তেল আবিবে জড়ো হন লোকজন। এর কিছুক্ষণ পরই ইসরায়েল পরিচালিত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী একটি বাস দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে তাদের স্বাগত জানান সেখানে উপস্থিত ফিলিস্তিনিরা। এ ছাড়া নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের একটি কারাগার থেকে কয়েকটি বাসে করে ফিলিস্তিনি বন্দিরা গাজায় পৌঁছান।
দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এর পর থেকে ছয়বার ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় হয়েছে। গতকাল তিনজনসহ এ পর্যন্ত মোট ১৯ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের।
