চট্টগ্রামে বাণিজ্যমেলা শুরু

বড় ব্যবসায়ীরা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন : মেয়র

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪ এএম

বড় ব্যবসায়ীরা নিজেদের ফায়দা নিতে গিয়ে অন্য ব্যবসায়ীদের ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আজ বিভিন্ন কারণে ছোট-মাঝারি ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। বড় বড় ব্যবসায়ীরা তাদের ফায়দা নেওয়ার জন্য রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে ট্যাক্স মওকুফ করিয়েছেন। তারা কম্প্রোমাইজ করেছেন তাদের নিজেদের স্বার্থের জন্য। কিন্তু ছোট-মাঝারি ব্যবসায়ীদের তারা ধ্বংস করে দিয়েছেন গত ১৬ বছরে।

গতকাল শনিবার দুপুরে কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্যমেলা বাংলাদেশ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাণিজ্যমেলার আয়োজক ও মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরান, চায়নাসহ দেশি-বিদেশি দুই শতাধিক প্রতিষ্ঠান স্টল বসিয়েছে। আগামী ১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার প্রবেশ টিকিটের মূল্য রাখা হয়েছে জনপ্রতি ২০ টাকা।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম অনেক পুরনো নগরী। এটি বাণিজ্যের জন্যই প্রসিদ্ধ ছিল। এক সময় মিয়ানমারের সঙ্গে আমাদের ব্যবসায়িক সংযোগ ছিল। সেটা পরে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রামের সুনাম ব্যবসায়িকভাবে ছড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত