কুমিল্লায় হাসনাত

মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবেন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেক মানুষ তার ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারবেন। আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশে কোরআন-হাদিস থেকে বয়ান করলে সে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম এবং হত্যা থাকবে না।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসায় দুদিনব্যাপী ৭৭তম বার্ষিক ইসালে সওয়াবের মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশে আলেম-ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে দাড়ি ধরে আলেম-ওলামাদের জেলে ঢুকানো হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আপনাদের প্রতিনিধিত্ব করছেন, তারা আপনাদের কর্মচারী। এই কর্মচারীদের কাছে যদি আপনারা বিশেষ একটি দিনে (ভোটের দিন) দুই হাজার, এক হাজার টাকায় বিক্রি হয়ে যান, তাহলে এই আমানতের খেয়ানত আপনারা করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কর্মচারীর কাছে কখনোই বিক্রি হবেন না। অত্যাচারী শাসক, সুদ ও ঘুষের কাছে কখনোই মাথানত করবেন না। আমরা ৫ বছর-১০ বছর নেতাকে গালাগাল করতে পারব, কিন্তু আপনার হাতে যে এক দিনের ক্ষমতা ছিল, ওই এক দিনের ক্ষমতার যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে ওই পাঁচ বছরের অপশাসনের দায়ভার আপনাকেই নিতে হবে। নেতাকে দোষ দেওয়ার আগে নিজের কাছে আগে দায়বদ্ধ হবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র, প্রশাসন, পুলিশ কখনোই আমাদের ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক হই। আমি ইসলাম নিয়ে বেশি কিছু জানি না। এখানে যারা উপস্থিত রয়েছেন, তারা বেশি জানেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত