মানবকল্যাণে মোনাজাতে বিশ্ব ইজতেমা সমাপ্ত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ এএম

গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে গতকাল রবিবার শেষ হয়েছে নিজামউদ্দিন অনুসারী তাবলিগ জামাত বাংলাদেশের ৫৮তম বিশ্ব ইজতেমা। দুপুর ১২টা ৩৭ মিনিটে শুরু হয়ে বেলা একটা ৭ মিনিট পর্যন্ত আধা ঘণ্টা আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের হজরত মাওলানা মুহাম্মদ সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী। মোনাজাতে দুনিয়া, আখিরাত, দেশ ও বিশ্বের কল্যাণ, শান্তি-সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও সব ক্ষেত্রে আল্লাহর রহমত চান। মাওলানা ইউসুফ বিন সা’দ মোনাজাতে মুসলমানদের মতপার্থক্য এবং দুনিয়া থেকে শিরক ও বিদাতের খতম কামনা করেন।

গতকাল বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মুরসালিন। তার বয়ান তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় বয়ান শুরু করেন দিল্লির মাওলানা মুহাম্মদ সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী। বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ। বয়ানে তিনি বলেন, যে দ্বীন ইসলামের বিধান অনুসারে চলবে এবং হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করবে, সে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে।

তিনি আরও বলেন, ‘ইমানকে শক্তিশালী করতে হলে মানুষকে মসজিদমুখী হতে হবে। নামাজ এমনভাবে আদায় করতে হবে, যেমন নবী করিম (সা.) আদায় করেছেন। জবরদস্তি করে নয়, তাজিমের সঙ্গে বুঝিয়ে মানুষকে মসজিদে আনতে হবে। প্রত্যেকটি কাজ আল্লাহকে রাজি ও খুশি করার জন্যই করতে হবে।

৬৪টি দেশের এক হাজার পাঁচশ চৌষট্টি জন মুসল্লি এই ইজতেমায় অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছেÑ ভারত, চীন, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইতালি, কেনিয়া, মালয়েশিয়া, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, জাম্বিয়া, কোরিয়া, আলজেরিয়া, ইথিওপিয়া, ইরাক, কুয়েত, মিসর, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, কম্বোডিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইরান, জাপান, মাদাগাস্কার, সেনেগাল, দ. আফ্রিকা, তাঞ্জানিয়া, রাশিয়া, সুদান, দুবাই, মরক্কো, কাতার, সোমালিয়া, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, পাকিস্তান, বাহরাইন ও জর্ডান।

৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজাত তাবলিগ জামাত  বাংলাদেশের আয়োজনে টানা ছয় দিনব্যাপী ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়। মাঝে আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দিল্লির নিজামউদ্দিন মারকাজের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত