আশুলিয়ায় ছাঁটাই ও অসন্তোষে দুই কারখানা বন্ধ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

সাভারের আশুলিয়ায় গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছেইন অ্যাপারেলস লিমিটেডের কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। তবে দুপুরের পর কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন প্রদান শুরু করলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এর আগে সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিলে প্রথমে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা দুপুরে আবারও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকায় অবরোধ করে রাখে। এ সময় সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।

এদিকে ‘কাজ না থাকায়’ আশুলিয়ার জামগড়া এলাকায় দ্য ড্রেস অ্যান্ড দ্য আইডিয়াস নামে তৈরি পোশাক কারখানার সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। কারখানাটির পরিচালক খালিক-উল-হাসানের সই করা এক নোটিসের মাধ্যমে কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি খেজুরবাগান এলাকায় রেডিয়ান্স জিন্স অ্যান্ড ফ্যাশন গার্মেন্টেসের ভেতর থেকে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শ্রমিকরা বিষয়টি হত্যাকা- দাবি করায় গত কয়েক দিন মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মালিকপক্ষের বেশ কয়েকজন গুরুতর আহতও হন। কিন্তু কোনোভাবেই বিষয়টি সমাধানে আসতে না পারায় গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মূল ফটকে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের গার্মেন্টস শ্রমিকরা। গতকাল দুপুর পৌনে ১২টা থেকে শ্রমিকরা এ অবরোধ করে। এ সময় শহরের চাষাঢ়া এলাকাসংলগ্ন বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা বেশ কিছু পরিবহনে ভাঙচুর চালায়। দুপুর পৌনে ২টার দিকে মামলা প্রত্যাহারের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পরে মিছিল করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জড়ো হয়।

নারায়ণগঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ বলেন, গত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা বিশৃঙ্খলা করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত