কালীগঞ্জে পুড়ল দুই দোকানসহ বিএনপির অফিস

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ এএম

গাজীপুরের কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের ফিরিন্দা মোড়ে আগুনে দুটি দোকান ও তুমলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত রবিবার রাত ২টার দিকে উপজেলার ফিরিন্দা মোড়ের নজরুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম জানান, রাত ২টার দিকে একই এলাকার রমজান মিয়ার ছেলে রুবেল জানায় তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে তিনিসহ এলাকার লোকজন পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অভিযোগ করে তিনি বলেন, ‘একই এলাকার শিমুল এবং রমজানসহ আরও কয়েকজন মিলে পূর্বশত্রুতার জেরে আগুন লাগিয়েছে।’

ক্ষতিগ্রস্ত আরেক মুদি দোকানদার মনির বলেন, ‘আমার দোকান থেকে মাত্র একটি ফ্রিজ বের করতে পেরেছি আর বাকি সকল মালামাল আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২ লাখ টাকার মালামাল এবং ক্যাশে নগদ কিছু টাকা পুড়ে ছাই হয়ে যায়।’

তুমলিয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড অফিস আগুনে আংশিক পুড়ে যায়। এ ব্যাপারে ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ বলেন, ‘গ্রামে আমরা সকলে মিলেমিশে থাকি। যেহেতু কাউকে আমরা আগুন দিতে দেখি নাই তাই কাউকে আমার সন্দেহ হয় না। দলীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত