অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫০৬

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

রাজধানী ঢাকাসহ সারা দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে সবশেষ ২৪ ঘণ্টায় (সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত) আরও ১ হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫০৬ জনকে আটক করা হয়। গতকাল বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার ১ হাজার ৬৪৭ জনের মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫০৬ জন এবং অন্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ১ হাজার ১৪১ জনকে আটক করা হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি একনলা বন্দুক, পিস্তলের গুলি ৬টি, এলজি একটি এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে গত ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে পরদিন থেকেই শুরু হয় যৌথ বাহিনীর বিশেষ অভিযান। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ভাষ্য, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের মারধর করা হয়। এই ঘটনার পরদিন শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ওইদিন রাত ১২টা থেকে দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরুর কথা জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত