৮ মাস বেতন নেই শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ এএম

দেশের ৩৫টি শিশু বিকাশ কেন্দ্রে কর্মরত ১৫৫ জনের মতো কর্মকর্তা-কর্মচারী আট মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। এমনকি এ ব্যাপারে কোনো সদুত্তরও দিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। অথচ বেতন না পেয়ে এসব কর্মকর্তা-কর্মচারীর মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদে সম্মেলনে এই তথ্য জানান কেন্দ্রে কর্মরতরা। সম্মেলনে মূল প্রতিবেদন পাঠ করেন কেন্দ্রের সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশু মনোবিজ্ঞানী) ড. ফায়েজা আহমেদ।

মূল প্রতিবেদনে বলা হয়, এসব কেন্দ্রে মাত্র ১০ টাকার বিনিময়ে একাধিক বিশেষায়িত সেবা পায় শিশুরা। গত ১৫ বছরেরও বেশি সময়ে এসব কেন্দ্র থেকে ২ লাখ ৫২ হাজার ৬০০ শিশু ৮ লাখ ৮৬ হাজার ২৫২ বার চিকিৎসা পেয়েছে। অথচ এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরতরা আট মাস ধরে বেতন না পেয়ে জীবনযাপন করছেন। কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত পান না। এমনকি নিজেদের চিকিৎসার খরচটুকুও বহন করতে পারছেন না তারা।

সংবাদ সম্মেলনে কেন্দ্র সঠিকভাবে পরিচালনা, দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও শিশু বিকাশ কেন্দ্রকে রাজস্ব খাতে অনুমোদনের দাবি জানানো হয়।

ডেভেলপমেন্টাল থেরাপিস্ট মেরিনা লতিফ দেশ রূপান্তরকে বলেন, এটি স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্টের অপারেশন প্ল্যানের অধীনে। স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বেতন হতো। এখন অধিদপ্তর বলছে, তারা এই কর্মসূচির সব কাগজপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। এখন আর তাদের কিছু করার নেই। কারণ সরকার পরিবর্তনের পর বর্তমানে স্বাস্থ্যসেবার অধীনে সমস্ত অপারেশন প্ল্যান স্থগিত আছে। এটা এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অনেক মিটিং হচ্ছে। কিন্তু কোনো সমাধান হচ্ছে না।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান শিশু বিকাশ কেন্দ্রের বেতন বন্ধ থাকাকে একটি অমানবিক বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি অতি দ্রুত সরকারি বিশেষ ব্যবস্থায় বেতন পরিশোধ করে তাদের কষ্ট লাঘবের জন্য কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত