মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিয়েছেন বৈশ্বিক অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী ফারুক আহমেদ। গতকাল বুধবার তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন দ্রুত এবং কম খরচে চালু করার ক্ষেত্রে যুক্ত ছিলেন ফারুক আহমেদ। স্টেশন দুটি চালু করতে এক বছর সময় এবং সাড়ে ৩০০ কোটি টাকার মতো খরচ হবে বলে জানিয়েছিল পতিত শেখ হাসিনা সরকার। কিন্তু মাত্র প্রায় ২ কোটি টাকা ব্যয় করে তিন মাসের মধ্যে দুটি স্টেশন চালু করতে সক্ষম হয় অন্তর্র্বর্তী সরকার।
জানা যায়, গণঅভ্যুত্থানের পর ডিএমটিসিএলের এমডি নিয়োগে সড়ক পরিবহন মন্ত্রণালয় আন্তর্জাতিক বিজ্ঞপ্তি দিলে দেশি-বিদেশি ৭৬ জন আবেদন করেন। তাদের মধ্য থেকে সাতজনের সংক্ষিপ্ত তালিকা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি। সেখান থেকে ফারুক আহমেদকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়।
