স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, ‘আমাদের দেশের অ্যাভিয়েশন সেক্টরে অনেক রকম সমস্যা রয়েছে। এর মধ্যে টিকিটের দাম বৃদ্ধি অন্যতম। তবে এর জন্য একতরফাভাবে বিভিন্ন এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্টরা (জিএসএ) দায়ী, তা নয়; সেজন্য তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে এসব সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে বৈঠকে বসেছি। এর মাধ্যমে আমাদের এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে।’
গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত তদন্ত কমিটির শুনানির’ আগে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
