রাজশাহী-শেরপুরে সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৬ এএম

রাজশাহীর দুর্গাপুরে গতকাল শনিবার জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। একই দিনে শেরপুরে একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক অভিভাবক সদস্য নিহত হন। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের লাশ গত শুক্রবার তাদের বাড়ির পাশের লিচুবাগান থেকে উদ্ধার করা হয়েছে।

রাজশাহী : দুর্গাপুরে সংঘর্ষে নিহত নারীর নাম ফেরদৌসী আরা (৪৫)। তার স্বামীর নাম আবদুল জব্বার। ওই সংঘর্ষে আহত আরও অন্তত ১০ জনকে দুর্গাপুর উপজেলা কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের মামুন অর রশিদ ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে ফেরদৌসী নামের ওই নারী নিহত হন।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, হামলায় ফেরদৌসী বেগম গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।

শেরপুর : শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক অভিভাবক সদস্য নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় কক্ষে সভা চলাকালে প্রতিবাদ করায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. হারেজ আলী (৪০) সদর উপজেলার হরিণধারা গ্রামের মৃত শরাফত আলী ম-লের ছেলে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ওপর আদালতের স্থগিতাদেশ থাকার পরও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল গতকাল সকালে একটি পক্ষকে নিয়ে সভা করতে যান। এ সময় অন্যপক্ষের কিছু লোক বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে হারেজ আলী (৪০) ধারালো ফালার আঘাতে আহত হন। গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ে বাড়ির পাশের লিচুবাগান থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ইব্রাহিম মিয়া নামের ৯ বছরের ওই ছাত্র গত শুক্রবার বিকেলে নিখোঁজ হয়। নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।

শুক্রবার রাত ১১টার দিকে বাড়ির পাশের লিচুবাগানে ইব্রাহিমের পরনের পাজামা দিয়ে গলায় বাঁধা অবস্থায় লাশ পরে থাকতে দেখেন স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত