বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তারেক রহমান নতুন রাজনীতি সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে জননন্দিত নেতা। ওনার প্রত্যেকটা বক্তব্য মানুষ গ্রহণ করেন। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। গতকাল রবিবার দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে ‘আমরা বিএনপি পরিবার’ কর্তৃক আয়োজিত আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আজ আমরা শুনি শুধু সংস্কার সংস্কার। যারা এগুলো বলছেন, তারা বিএনপির ৩১ দফা দেখে নেবেন। কোনটা বাদ রয়েছে ৩১ দফায়। সংস্কার চান? তাহলে নির্বাচন দিন। সরকার গঠন করে সংস্কার করা হবে। সরকার আইন পাস করবে।’
জামায়াতকে উদ্দেশ্য করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘৭২-এর সংবিধানে উল্লেখ ছিল, ধর্মভিত্তিক দল রাজনীতি চলবে না। জিয়াউর রহমান রাজনীতিকে সর্বজনীন করার জন্য আপনাদের লাইসেন্স দিয়েছেন। আর আজকে বলছেন, জিয়াউর রহমানের পরিবারতন্ত্র চলবে না।’ ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ ও আহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।
