মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাই, চাপাতি নিয়ে নারীর ওপর হামলা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ এএম

চুরি, ছিনতাই যেন ছড়িয়ে পড়েছে পুরো রাজধানীতে। এর মধ্যে বেশি অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুর। গতকাল রবিবার রাতে মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
 
সেখানে দেখা যায়, একটি রিকশা থামিয়ে দুই তরুণ ছিনতাই করছে। রিকশায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেক নারী। এসময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক ছিনতাইকারীকে চাপাতি হাতে তেড়ে যেতে দেখা যায়। 

সেখানে আরেক ব্যক্তিকে দেখা যায় ছিনতাইকারীদের সরিয়ে দিতে। তবে তিনি ওই দুই নারীর সঙ্গে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৫৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ‘২০০ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ টাকা’ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
 
আহত আনোয়ার জানান, বনশ্রী সি ব্লকে অলংকার নামে জুয়েলারি দোকান রয়েছে তার। রাতে দোকান বন্ধ করে সঙ্গে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে বাসায় ঢুকছিলেন।

 
 
এসময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই তাকে লক্ষ্য করে গুলি করে। এরপর সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত