অভিনেতা গুলিবিদ্ধের ঘটনায় আশুলিয়া থানার ওসি প্রত্যাহার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ এএম

সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনার পর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীকে প্রত্যাহার করে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ টিভি অভিনেতা আজিজুর রহমান আজাদ রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তার স্ত্রী রোকসানা হকও (৩৩) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। রবিবার ভোরে নিজ বাসায় গুলিবিদ্ধ হন আজাদ।

আজাদ জানান, ভোরে গ্রিল কাটার শব্দে তার ঘুম ভাঙে। এ সময় তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পেলে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় মা ও স্ত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলি লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

এর আগে গত ৮ জানুয়ারি রাতে নুরে আলম সিদ্দিকী আশুলিয়া থানায় ওসি হিসেবে যোগদান করেন। তবে তিনি আশুলিয়া থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলার অবনতি ঘটতে থাকে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি শিল্পাঞ্চলে ছিনতাই ও ডাকাতির ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। এ ছাড়া কয়েক দিনের ব্যবধানে ঝুট ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি ও অস্ত্র নিয়ে মহড়ার পাশাপাশি হামলা ও অগ্নিকাণ্ড ঘটেছে। আশুলিয়া থানায় পদায়নের আগে নুরে আলম সিদ্দিকী বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত