১১ পয়েন্টে এগিয়েও স্বস্তিতে নেই লিভারপুল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ স্থান আরও মজবুত করতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় দরকার ছিল লিভারপুলের। ইতিহাদে নিজেদের কাজটা ভালোভাবেই করেছে অলরেডরা। লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটিকে। ম্যাচের প্রথমার্ধে গোল করেন মোহামেদ সালাহ ও ডমিনিক সবোজলাই। এই জয়ে ২৭ ম্যাচে লিভারপুলের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৪। এক ম্যাচ কম খেলা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে তারা।

গেল মৌসুমে লিগের ২৬ বা ২৭ রাউন্ড থেকে শীর্ষে থাকা দুই দলের পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক। তার আগের মৌসুমে ২৭ রাউন্ড শেষে শীর্ষে থাকা দুই দলের পয়েন্টের ব্যবধান ছিল পাঁচ। সেই তুলনায় লিভারপুল বেশ স্বস্তিদায়ক অবস্থানেই। তবে কোচ আর্না সøট সতর্ক, ‘এই লিগ ছাড়া, অন্য সব লিগে এমন (১১ পয়েন্টে) এগিয়ে থাকা স্বস্তিদায়ক।’ সøট এমন কথা বলতেই পারেন। ইংলিশ প্রিমিয়ার লিগে এর চেয়ে বেশি ব্যবধানে এগিয়ে থাকার পরও শিরোপা জিততে না পারার রেকর্ড আছে। তবে ২৭ রাউন্ড শেষে এমন ব্যবধানে এগিয়ে থাকার পর শিরোপা হারায়নি কোনো দল।

ফুটবল পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট অপ্টা বলছে, ১৯৯৭-৯৮ মৌসুমে একটা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে থাকার পরও শেষ পর্যন্ত লিগ শিরোপা জেতে আর্সেনাল। অবশ্য এক ম্যাচ বেশি হাতে থাকতে ১৩ পয়েন্টে পিছিয়ে ছিল তারা। পরে সেবার মাত্র এক পয়েন্টের ব্যবধানে শিরোপা জেতে আর্সেনাল। ১৯৯২-৯৩ মৌসুমে একটা সময় ম্যানউই সপ্তম স্থানে ছিল শীর্ষে থাকা নরউইচ সিটির চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে। তবে শেষ পর্যন্ত শিরোপা জেতে ম্যানইউ ১০ পয়েন্টের ব্যবধানে। দুইয়ে ছিল অ্যাস্টন ভিলা। নরউইচ তৃতীয় স্থানে শেষ করে। ১৯৯৫-৯৬ মৌসুমে (নিউক্যাসলের চেয়ে) ১২ পয়েন্টে পিছিয়ে থাকার পর শিরোপা জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। পরের মৌসুমেও একটা সময় লিভারপুলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত শিরোপা জেতে ম্যানইউ। ১০ পয়েন্টে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত শিরোপা জেতার আরও রেকর্ড আছে প্রিমিয়ার লিগে। সবশেষ ২০১৮-১৯ মৌসুমে ২৯ ডিসেম্বর, ২০১৮-তে দেখা গিয়েছিল এমন চিত্র। লিভারপুল ২০ ম্যাচ খেলে ছিল ৫৪ পয়েন্টে, তখন ১৯ ম্যাচে ৪৪ পয়েন্টে তিনে ছিল ম্যানসিটি। তাদের ম্যাচ ছিল পরের দিন। শেষ পর্যন্ত ম্যানসিটি লিগ শিরোপা জেতে ১ পয়েন্টের ব্যবধানে, দুইয়ে থেকে শেষ করে লিভারপুল।

আগামী বুধবার ঘরের মাঠে লিগে টেবিলে পঞ্চম স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। এবারের লিগে প্রথম দেখায় এই দলের মাঠে ৩-৩ ড্র করেছিল তারা। তাই আসছে ম্যাচটিতেও কঠিন লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সøট। ‘আমরা এখন নিউক্যাসলের বিপক্ষে খেলব, আমরা তাদের মাঠে ৩-৩ ড্র করেছিলাম। আমার মতে, সেটাও ভালো ফল ছিল...তবে তাদের বিপক্ষে খেলা কতটা কঠিন ছিল, সেই অভিজ্ঞতাও হয়েছিল আমাদের।’ এই মৌসুমে লিগে ২৭ ম্যাচে ২৫ গোল করে সালাহ আছেন গোলদাতাদের তালিকায় শীর্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত