নতুন দলের কিংস পার্টি হওয়ার সম্ভাবনা নেই : রিজওয়ানা

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৩৩ এএম

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ‘কিংস পার্টি’ হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

‘যে শক্তি দেশের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে তাদের সবাইকে শুভকামনা জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে আমাদের একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। জাতিগতভাবে আমাদের পরিবর্তন হতে হবে।’

‘রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক’ এমন মন্তব্য করে বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, ‘অন্তর্র্বর্তী সরকারের সরাসরি রাজনীতি করার আকাক্সক্ষা আমরা দেখি না। বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার।’

রিজওয়ানা হাসান বলেন, ‘বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ পূর্বক পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমরা যদি শুধু মেট্রোরেল, দ্রুতগতির ট্রেন, ফ্লাইওভার কিংবা বড় অবকাঠামো নিয়ে চিন্তা করি, কিন্তু পরিবেশের দিকে মনোযোগ না দেই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকট তৈরি করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত