বাঙালি রাজনীতিক ও কবি সরোজিনী নাইডু ১৯৪৯ সালের ২ মার্চ ভারতের এলাহাবাদে মৃত্যুবরণ করেন। পৈতৃক নিবাস বিক্রমপুরের ব্রাহ্মণগাঁও। ১৮৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। মাদ্রাজ থেকে ম্যাট্রিকুলেশন পাস করে ১৮৯৫ সালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। ১৮৯৮ সালে হায়দরাবাদের ড. মতিয়ালা গোবিন্দরাজলু নাইডুর সঙ্গে তার বিয়ে হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯১৫ সালে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন। ১৯১৬ সালে বিহারে নীলচাষিদের অধিকারের দাবিতে প্রচারাভিযানে অংশ নেন। ১৯২০ সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯২৬ সালে গঠিত অল ইন্ডিয়া উইমেন কনফারেন্সের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন এবং নারীশিক্ষা অধিকার আন্দোলনে অংশগ্রহণ করেন। সরোজিনী ১৯৩০ সালে মহাত্মা গান্ধীর সঙ্গে গ্রেপ্তার হয়ে ১৯৩১ সালে মুক্তিলাভ করেন। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের জন্য তাকে আবার গ্রেপ্তার করে ২১ মাস কারান্তরীণ রাখা হয়। সরোজিনী তার বাগ্মিতার জন্য খ্যাতিমান ছিলেন। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ভারতের উত্তরপ্রদেশের গভর্নর নিযুক্ত হন এবং আমৃত্যু এ পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন খ্যাতিমান কবি। আজীবন কর্মসাধনার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার সরোজিনী নাইডু স্বর্ণপদক প্রবর্তন করেছে।
