প্রেমের টানে কুমিল্লায় ইউক্রেনের নারী

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৭:৪৯ এএম

কুমিল্লার মোতাসিন বিল্লাহ চৌধুরীর প্রেমের টানে ছুটে এলেন ইউক্রেনের নারী সালো নাদিয়া। নগরের চর্থা বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা মোতাসিনের বয়স এখন ৬৩। প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা সালো নাদিয়া (৫০) চেক প্রজাতন্ত্রে বাস করা ইউক্রেনের নাগরিক। তিনি একজন মনোবিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছরের পরিচয় ও তিন বছরের প্রেমের সম্পর্কের অবশেষে তারা পূর্ণতা দিয়েছেন।

জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। ২৫ ফেব্রুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে দুজন দাম্পত্য জীবনে আবদ্ধ হন। প্রেমিক মোতাসিন বিল্লাহ পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের পর নাদিয়াকে নিয়ে নিজের ফ্ল্যাটে বসবাস করছেন তিনি। দাম্পত্য জীবনে সুখী হতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

এ বিষয়ে মোতাসিন বিল্লাহ বলেন, ‘সাইকোলজিস্ট নাদিয়ার সঙ্গে ২০১৯ সালে আমার ফেসবুকে পরিচয় হয়। পরে দুজনের মধ্যে মাঝেমধ্যে ফেসবুকের মেসেঞ্জারে কথা হতো। বছর দুয়েক কথা বলতে বলতে এক পর্যায়ে নাদিয়াকে প্রেম নিবেদন করি। নাদিয়া ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজিতে কথা বলতে পারে।’

মোতাসিন বিল্লাহ আরও জানান, নাদিয়া কয়েক দিন বাংলাদেশে থাকবে। এরপর আবার চেক প্রজাতন্ত্রে ফিরে যাবে। তিনিও সেখানে আসা-যাওয়ার মধ্যে থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত