নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন শাহনাজ বেগম ও সিরাজুল ইসলাম নামের এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার সকালে আহত শাহনাজ বেগমের ভাই আল-আমিন খাঁন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
আল-আমিন খাঁন জানান, তার বোনজামাই সিরাজুল ইসলামের সঙ্গে কাঞ্চন খাঁপাড়া এলাকার আশিক, অনিক ও জাহিদুল ফকিরদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যার দিকে আশিক, অনিক, জাহিদুল ফকির, হারুন ফকির, সিফাত, জুনায়েত, নিপা, দীপাসহ অজ্ঞাত ৪/৫ জন রামদা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে সিরাজুল ইসলামের বাড়িতে প্রবেশ করে হামলা ভাঙচুর চালাতে থাকেন। এ সময় বাড়িতে থাকা শাহনাজ বেগম বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় খবর পেয়ে শাহনাজের স্বামী সিরাজুল ইসলাম বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা নগদ ১৭ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা
নির্বাচন আয়োজনে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহউদ্দিন