পণ্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৩৩ এএম

রমজানে নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে চট্টগ্রামে একযোগে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। পুরো নগরীকে সাতটি আলাদা সার্কেলে ভাগ করে সাজানো হয়েছে অভিযান পরিকল্পনা। রোজার প্রথম দিনেই একাধিক জায়গায় চলেছে অভিযান। পুরো রমজানেই এ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম দেশ রূপান্তরকে বলেন, ‘রমজান ও ঈদ বাজারকেন্দ্রিক যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স থাকবে। ইতিমধ্যে পুরো নগরীকে সাতটি সার্কেলে ভাগ করে অভিযান পরিকল্পনা সাজানো হয়েছে। সে অনুযায়ী রমজানের আগে থেকেই টিমগুলো কাজ করছে।’

বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ও বাড়তি দাম প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। শিগগির ভোজ্য তেলের বিষয় নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসব।’

জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স প্রথম রোজার দিন নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয় নগরীর রিয়াজউদ্দিন বাজারে। অভিযানকালে মুদি দোকান,  দৈনন্দিন কাঁচাবাজারের দোকান, ফলের দোকান, মুরগির ডিম মাংসের দোকানে মূল্যতালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য  নেওয়ার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে অর্থদ- দেওয়া হয়। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো বিক্রয়ের দোকানগুলোয় বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সব বিক্রেতাকে সতর্ক করা হয়।

এদিকে, গতকাল নগরীতে একাধিক অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, নগরীর পাহাড়তলী বাজারে ইকরা স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে গুদামে তেল মজুদ রেখে ভোজ্য তেলের সংকট দেখানোর অপরাধে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই বাজারে কায়সার অ্যান্ড ব্রাদার্সকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত