ঢাকার আইনশৃঙ্খলা সামলাতে পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যরাও যাতে অলিগলিতে টহল দিতে পারে, সেজন্য মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানী ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, কোস্ট গার্ড সদস্যদের নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে চলছে অপারেশন “ডেভিল হান্ট”।’
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ‘ডেভিল হান্ট’ শব্দটি ব্যবহার না করে বলা হয়েছে, চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী এবং মাদক ও চোরাকারবারিদের ধরতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এই ‘বিশেষ অপারেশন’ চলছে। সেখানে বলা হয়, ঢাকা শহরের আশপাশে বিশেষ করে টঙ্গী, বসিলা, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের ধরা সম্ভব হয়।
এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের মধ্যে রয়েছেÑ পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটরদের অংশগ্রহণে সারা দেশে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ে ওয়ার্কশপ।
