ফিফার নিষেধাজ্ঞা মুক্ত পাকিস্তান, এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে জাতীয় দল

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:৩১ এএম

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে পাকিস্তান। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, ফলে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে পারবে দেশটির জাতীয় দল।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি, সংবিধান সংশোধনের শর্ত পূরণ করতে না পারায় পিএফএফকে সাময়িক নিষিদ্ধ করেছিল ফিফা। তবে গত বৃহস্পতিবার পিএফএফ কংগ্রেসের সদস্যরা প্রয়োজনীয় সংশোধনীতে একমত হন, যা পরবর্তীতে অনুমোদন পায়। এরপর রোববার ফিফা আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়।

পাকিস্তানের ফুটবল দীর্ঘদিন ধরেই প্রশাসনিক সংকটে জর্জরিত। ২০১৯ সালের জুন থেকে দেশটির ফুটবল পরিচালিত হচ্ছে ফিফার নিয়োগ দেওয়া স্বাভাবিকীকরণ কমিটির মাধ্যমে। মূল লক্ষ্য ছিল নির্বাচন আয়োজন ও বিভক্ত সংঠনের বিরোধ নিষ্পত্তি। তবে বারবার কমিটির নেতৃত্ব বদলালেও মূল সমস্যাগুলো অমীমাংসিত রয়ে গিয়েছিল।

গত সপ্তাহে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এক শীর্ষ কর্মকর্তা লাহোর সফর করেন এবং সংবিধান সংশোধনের জন্য কংগ্রেস সদস্যদের বোঝানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সেই প্রচেষ্টাই সফল হয়। সংবিধান সংশোধনের পর ফিফা পাকিস্তানের সদস্যপদ পুনর্বহাল করে, যা দেশটির ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে।

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পর পাকিস্তান এখন সরাসরি মাঠের লড়াইয়ে নামতে প্রস্তুত। ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে তারা অংশ নিচ্ছে, যেখানে গ্রুপ ‘ই’ এর প্রথম ম্যাচে আগামী ২৫ মার্চ সিরিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।

ফিফার নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের ফুটবলে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, সেটি এখন কাটতে শুরু করেছে। তবে চূড়ান্ত স্থিতিশীলতার জন্য দেশটির ফুটবল প্রশাসনকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথে হাঁটতেই হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত