অর্থ পাচার মামলায় তারেক ও মামুনের রায় আগামীকাল

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:২৫ এএম

অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে দেওয়া সাত বছরের কারাদ-ের বিরুদ্ধে করা আপিলের রায় জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। আপিলের ওপর শুনানি শেষে গতকাল মঙ্গলবার রায়ের জন্য এদিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর তারেক রহমান ও গিয়াস উদ্দিন মামুনের সাত বছরের সাজা স্থগিতের আদেশ দিয়ে সাজার বিরুদ্ধে গিয়াস উদ্দিন মামুনকে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। আদালতে আপিলের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসেন। অ্যাডভোকেট আসিফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার রায়ের জন্য ধার্য করেছে আদালত।’ 

২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দুদকের করা এ মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে গিয়াস উদ্দিন মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। মামুন এই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার ব্যাংক হিসাবে জমা করেন। আর এ টাকার মধ্যে তারেক রহমান ৩ কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত