বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে (জিটিআই) গত বছরের চেয়ে ২০২৫ সালে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৩২তম। এবার ৩৫তম অবস্থানে রয়েছে। সন্ত্রাসবাদী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পরিসংখ্যান মূল্যায়নের ভিত্তিতে এ সূচক প্রকাশ করা হয়। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) ওয়েবসাইটে প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৫-এ এসব তথ্য উঠে এসেছে।
২০১২ সাল থেকে বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের প্রধান বৈশ্বিক প্রবণতা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে স্কোর গণনায় প্রতি বছর এ সূচক প্রকাশ করে আইইপি। আইইপির ১২তম সংস্করণে বলা হয়, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড়ের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের কম প্রভাব দেখা গেছে।
বৈশ্বিক সন্ত্রাসবাদের চলতি সূচকে ৩ দশমিক ০৩ স্কোর পেয়েছে বাংলাদেশ। শূন্য থেকে ১০ স্কোরের হিসাবে কোনো দেশ শূন্য পেলে সে দেশে সন্ত্রাসবাদের প্রভাব নেই বলে ধরে নেওয়া হয়। এ ছাড়া কোনো দেশ ১০ স্কোর পেলে সেই দেশে সন্ত্রাসবাদের সর্বাধিক বিস্তার রয়েছে বলে বিবেচনা করা হয়। এ বছর বিশ্বের ১৬৩ দেশকে নিয়ে ১০০টি স্থান নির্ধারণ করেছে আইইপি। এতে সবচেয়ে বেশি ৮ দশমিক ৫৮১ স্কোর নিয়ে প্রথমে রয়েছে বুরকানি ফাসো। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের স্কোর ৮ দশমিক ৩৭৪। এর পরই সিরিয়া (৮ দশমিক ০০৬), মালি (৭ দশমিক ৯০৭) ও নাইজার (৭ দশমিক ৭৭৬)। সূচকে অষ্টম স্থানে রয়েছে ইসরায়েল (৭ দশমিক ৪৬৩) ও নবম স্থানে
আফগানিস্তান (৭ দশমিক ২৬২)। ৬ দশমিক ৯২৯ স্কোর নিয়ে মিয়ানমারের অবস্থান ১১তম। সূচকে ভারত ১৪তম অবস্থানে আছে।
