যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এ স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে এসে আনুষ্ঠানিকভাবে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। স্টেডিয়াম যৌথভাবে উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।
এ সময় শহীদ আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘গোটা দেশবাসী পরম শ্রদ্ধাভরে চিরস্মরণীয় করে রাাখতে স্টেডিয়ামের নামকরণ করেছেন সেজন্য আমি দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ। সেই সঙ্গে এই স্মরণীয় উদ্যোগ পরিপূর্ণতা পাবে আবরার ফাহাদের হত্যাকারী দ-প্রাপ্তদের বিচার কার্যকরী হওয়ার মাধ্যমে।
২০২২ সালের ১৩ জানুয়ারি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এ স্টেডিয়ামের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ রাসেল নাম পরিবর্তন করে স্টেডিয়ামটি শহীদ আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়।
এর আগে গতকাল সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে মসজিদের সম্প্রসারণের কাজ চলছে।
