ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেনস ক্রিকেট লিগে শুক্রবার কলাবাগান ক্রীড়া চক্রকে ১২৬ রানে হারানোর ম্যাচে দারুণ সেঞ্চুরি করেছেন শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে তার সেঞ্চুরিতে ভর করে ২৬৭ রানের সংগ্রহ পায় শেলটেক। জবাবে ১৪১ রানেই গুটিয়ে যায় কলাবাগান।
প্রথম দিকের ম্যাচগুলোতে টপ অর্ডারদের নৈপুণ্যের কারণে তেমন একটা ব্যাটিংয়ের সুযোগ পাননি জাতীয় দলের এ অধিনায়ক। গত রাউন্ডে কাক্সিক্ষত সুযোগ পেয়ে গুলশান ইয়ুথের বিপক্ষে খেলেন ম্যাচজয়ী ৮০ রানের ইনিংস। এই ম্যাচে ফিফটি ছাপিয়ে সেঞ্চুরি পেলেন জ্যোতি। কাল চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১১৫ বলে ১১টি চারের মারে ১০২ রান করেন তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে ৪ ওভারের মধ্যে অচেনা জান্নাত ও হালিমাতুল সাদিয়ার উইকেট হারায় শেলটেক। তৃতীয় উইকেটে জুটি বেঁধে চাপ সামাল দেন শারমিন সুলতানা ও জ্যোতি। দুজন মিলে ১৩৭ বলে ১২৭ রানের জুটি গড়েন। শারমিন ৮ চার ও ১ ছক্কায় ৭৪ বলে ৬৬ রান করে আউট হন। শেষ দিকে ফাহিমা খাতুনের ৩৭ বলে ৪০ রানের ইনিংসে আড়াইশ পেরোয় শেলটেক। ২৬ রান খরচায় ৩ উইকেট নেন কলাবাগানের সুবর্ণা কর্মকার।
লক্ষ্য তাড়ায় ৫২ রানের মধ্যে ৭ উইকেট হারায় কলাবাগান। সাত নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক দিশা বিশ্বাস। শেলটেকের হয়ে ৩টি করে উইকেট নেন জান্নাতুল ফেরদৌস সুমনা ও হালিমাতুল সাদিয়া। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে সুমনা। ছয় ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে একমাত্র অপরাজিত দল হিসেবে টেবিলের শীর্ষে রয়েছে শেলটেক। ৬ ম্যাচে জয়ের মুখ দেখেনি কলাবাগান।
