তিরিশের আগে-পরে সমান রোনালদো

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৬:৩৭ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ৪০ তবে মাঠের পারফরম্যান্সে তা বোঝার উপায় নেই। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে রোনালদো করলেন তার ক্যারিয়ারের ৯২৬তম গোল। এই গোলে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন সিআরসেভেন। রোনালদোর গোলের পরও ম্যাচটি ২-২ এ ড্র হয়।

রোনালদোর বয়স ৩০ বছরের আগে এবং ৩০ বছরের পরের গোলসংখ্যা এখন সমান- ৪৬৩টি! বেশির ভাগ ফুটবলারের ক্যারিয়ারের মূল সময় আসে ২৫ পার হওয়ার পর। আবার ৩৫ পেরোতেই পারফরম্যান্স কমতে থাকে। তবে গেল মাসে ৪০ পূর্ণ করা রোনালদো যেন ত্রিশের পর আরও বেশি জ্বলে উঠেছেন। বয়স ৩০ পেরোনোর পর রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ গোল করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও।

ম্যাচের প্রথমার্ধের শেষ ভাগটা ছিল নাটকীয়তায় ভরপুর। ৪৪ মিনিটে আব্দেররাজাক হামাদাল্লাহ পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন আল শাবাবকে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আয়মান ইয়াহহিয়ার গোলে সমতায় ফেরে আল নাসর। রোনালদোর ফ্রি-কিক শাবাবের গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি শটে বল জালে পাঠান ইয়াহহিয়া। যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। যদিও তার উদযাপন থামিয়ে দেন সহকারী রেফারি। অফসাইডের সংকেত দেন তিনি। তবে রোনালদো বেশ কিছুক্ষণ রেফারিদের বোঝানোর চেষ্টা করেন, তাকে বারবার ভিএআর-এর আবেদন করতেও দেখা যায়। ভিএআর দেখে গোল দেন রেফারি। উদযাপনে মাতেন রোনালদো। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত রোনালদো করেছেন ৯০ গোল।

৫২ মিনিটে আল-ফাতিল লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। ৬৭ মিনিটে সমতায় ফেরে আল শাবাব। মোহামেদ সুইরেখ গোল করেন। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনালদো সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘আমরা লড়াই চালিয়ে যাব।’ ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট আল হিলালের, ৫১ পয়েন্ট আল কাদিসিয়ার। ৪৮ পয়েন্ট নিয়ে চারে আল নাসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত