এইচএসসির ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের ছেলের এইচএসসির ফল জালিয়াতির মামলার অন্যতম আসামি।
উচ্চ আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে গত বৃহস্পতিবার চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন নগরের পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান।
এ মামলায় বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথ ও তার ছেলে নক্ষত্র দেবনাথ এবং বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আনোয়ারকে আসামি করা হয়। সাবেক সচিব নারায়ণের ছেলের ফল জালিয়াতির ঘটনা সামনে এলে তদন্তে নেমে সেটির প্রমাণ পায় শিক্ষা বোর্ড। পরে ওই ফল বাতিল করা হয়। এইচএসসির ফল জালিয়াতির অভিযোগে বোর্ডের বর্তমান সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ এ মামলাটি করেন।
