ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

ঐকমত্য কমিশনে ২৩ মার্চ মতামত দেবে বিএনপি

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:০৯ এএম

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ে আগামী ২৩ মার্চ রবিবার মতামত জমা দেবে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক হয় বিএনপির প্রতিনিধিদলের। এর বিষয়বস্তু নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বৈঠকে রাজনীতিসহ দেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সংস্কার বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে কমিশন যে প্রচেষ্টা করছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সব বিষয়ে ঐকমত্য হবে, সেখানে সংস্কার হবে। আর যেখানে ঐকমত্য হবে না, সে বিষয়গুলো নিয়ে দলগুলো নির্বাচনের পর জনগণের কাছে যাবে, পরে সংসদে আলোচনা হবে।’

তিনি বলেন, ‘সংস্কার বিষয়ে যেখানে ঐকমত্য হবে, সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আর যেসব বিষয়ে হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনকেন্দ্রিক হোক বা অন্য যেকোনো বিষয়েই হোক, সেটা প্রতিটি দল নির্বাচনের সময় জনগণের কাছে নিয়ে যাবে। তাদের সামনে উপস্থাপন করবে, তারপর নির্বাচিত হয়ে সংসদে এসে আলোচনা, তর্ক-বিতর্কের পর পাস হবে। আমাদের আলোচনাটা মোটামুটি এভাবেই হয়েছে।’

নির্বাচন বিষয়ে দেশ এবং বিদেশে আকাক্সক্ষা তৈরি হয়েছে জানিয়ে খসরু বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে হলে অবশ্যই জনগণের সরকার লাগবে। বর্তমান পরিস্থিতিতে সেই প্রয়োজনীয়তা বড় করে দেখা দিয়েছে। এ বিষয়টি নিয়ে বৈঠকে কথা বলেছি। বিষয়টি নিয়ে বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।’

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সবাই ধরেই নিয়েছে যে, ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে অনেকেই বলছে ডিসেম্বর অনেক দেরিতে। কিন্তু তারপরেও ডিসেম্বর ‘কাট অফ টাইম’ হিসেবে ধরে নেওয়া হয়েছে। সবার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ১৭ বছর সংগ্রাম করেছি। সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম নির্বাচন।’

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল সেক্রেটারি সেবাসতিয়ান রিগার ব্রাউনও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত