সুলভ মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলছে সারা দেশে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এবং সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতায় সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এ পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির কার্যক্রম চলবে।
গত ১৯ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সারা দেশের তিন লাখ ৯৬ হাজার ৫৮৬ জন পুরুষ এবং দুই লাখ ১২ হাজার ৮৪৪ জন নারীসহ মোট ৬ লাখ ৯ হাজার ৪৩০ ক্রেতার মধ্যে সুলভ মূল্যে ১৯ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকা মূল্যের দুধ, ডিম, ড্রেসড ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংস বিক্রির কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে সারা দেশে মাংস, ডিম, দুধ ইত্যাদির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
যেসব স্থানে জুলাই বিপ্লবের সময় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সে সব স্থানকে অগ্রাধিকার দিয়ে ১ রমজান থেকে ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু হয়। আজ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাজেটের আওতায় প্রাণিজ আমিষ সরবরাহের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শহরে অতিরিক্ত ২৩টি, নারায়ণগঞ্জ শহরে ৩টি এবং ৭টি বিভাগীয় দপ্তরে ১৪টি ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা হয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ডিম (প্রতি ডজন) ১০৮ টাকার স্থলে ১০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা এবং গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা মূল্যে বিক্রি করা হবে। ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জে অতিরিক্ত যে ২৬টি স্থানের তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে আসাদ গেট (টাউন হল), লালমাটিয়া মহিলা কলেজ, শংকর প্লাজা, জিগাতলা (কায়সার সুইটমিট), আজিমপুর (তিন নম্বর গেট), নিউ পল্টন, এলিফেন্ট রোড (ইস্টার্ন মল্লিকার সামনে), জুরাইন কাঁচা বাজার, আঁটিবাজার, গাবতলী মাজার রোড, মিরপুর ৬ নম্বর বাজার, শেওড়াপাড়া, কচুক্ষেত বাজার, উত্তরা আজমপুর কাঁচা বাজার, মেরুল বাড্ডা, মগবাজার মোড়, গ্রিন রোড, বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের পেছনে, বাসাবো বৌদ্ধ মন্দির, মধ্যবাড্ডা লিং রোড, জোয়ার সাহারা, উত্তরা খালপাড়, রামপুরা হাজিপাড়া এবং লালবাগ এতিমখানা।
