‘কোনো কিছুই হার-জিতের বাইরে যাওয়া উচিত নয়’

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:৩৯ এএম

মাঠে দেখা হতে পারত বন্ধু মেসি ও নেইমারের। তবে ইনজুরির কারণে দুজনই নেই নিজ দলের স্কোয়াডে। তাদের ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। আপনি যখন রিপোর্টটি পড়েন ততক্ষণে হয়তো খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় ম্যাচ শুরু।

মনুমেন্তালে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে আলবিসেলেস্তেরা। ম্যাচের একাদশ নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি বলেন, আমি অবশ্য এই বিষয়ে (শুরুর একাদশ) নিশ্চিত করতে পারছি না, তবে রদ্রিগো ডি পলকে নিয়ে প্রায় আগের ম্যাচের মতোই হবে একাদশ। একটি বা দুটি পরিবর্তন আনা যায় কি না, সেটা দেখব।’ ম্যাচের আগে ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা সরাসরি বলেছেন, আর্জেন্টিনাকে হারাবে তারা। ‘সবশেষ যখন আমরা মারাকানায় খেলেছিলাম, তখন আমি ছিলাম, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে সবকিছু হয়নি। এখন আমাদের জিততে হবে। চলো, তাদের হারাই, মাঠে ও প্রয়োজনে মাঠের বাইরেও।’

রাফিনহার মন্তব্য নিয়ে কথা বলেছেন স্কালোনি। ‘খেলোয়াড়ের মন্তব্য নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, তবে তারা এ বিষয়ে আমাকে জানিয়েছে। এটা আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ, গুরুত্বপূর্ণ লড়াই; তবে সবকিছুর পরেও এটা কেবলই একটা ফুটবল ম্যাচ। ২০২১ কোপা আমেরিকা ফাইনালের পর মারাকানার সিঁড়িতে নেইমারের সঙ্গে লিওনেল মেসির বসে থাকার দৃশ্য এখনো আমার মনে আছে। (ফুটবলের ময়দানে) এটা এমন একটা দৃশ্য, যেটা সারা জীবন থাকতে হবে। সবাই জিততে চাই, তবে কোনোকিছুই জয়-পরাজয়ের বাইরে যাওয়া উচিত নয়।’

২০১৯ সালের পর আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল। এ সময়ের মধ্যে সব মিলিয়ে চারটি ম্যাচ হয়েছে। আর্জেন্টিনা জিতেছে তিনটি (তিন ম্যাচই ১-০), একটি গোলশূন্য ড্র হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত