স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, ‘আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক থাকবে। আশা করছি, অপ্রত্যাশিত কিছু ঘটবে না। আমরা আশা করছি, আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখবেন।’ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। তারা অ্যালার্ট থাকবেন সমস্ত কাজের জন্য। ঈদের বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে চলে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সেখানে বাস মালিক সমিতি, পরিবহন সমিতি, তাদের সহযোগিতা নিয়ে আমরা নিরাপদের চেষ্টা করছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের ২৪ ঘণ্টার চাকরি। থানাটা এমন একটা অফিস, এটা ১৮৬১ সালে শুরু হয়েছিল, দিবারাত্র চলেছে।
