বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হরিণচড়া এলাকায় পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে চাচা-ভাতিজাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় ওই মানববন্ধন হয়। নিহত রোকনুজ্জামান (৩১) তাড়াশের হিমনগর গ্রামের আজিজ ফারুকীর ছেলে ও নাসির উদ্দিন (৪০) একই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
মানববন্ধনে রোকনুজ্জামানের ভাই শাওন ফারুকী বলেন, ‘গত ২৪ মার্চ বাড়ি থেকে ভাতিজা নাসির উদ্দিনকে নিয়ে রোকনুজ্জামান মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশে বের হয়। একটি অজ্ঞাত মাইক্রোবাস মোটরসাইকেলটির পিছু নেয়। মহাসড়কের হরিণচড়া এলাকার নির্জন স্থানে পৌঁছালে আচমকা মাইক্রোবাসটি গতি বাড়িয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আমার ছোট ভাই মারা যায়। আর চিকিৎসাধীন থাকা অবস্থায় একদিন পর ভাতিজা নাসির উদ্দিনও মারা যায়। সুপরিকল্পিত এই হত্যাকা-কে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ এ বিষয়ে সলঙ্গা থানার ওসি মো. মকলেছুর রহমান বলেন, ‘এ ঘটনায় সড়ক পরিবহন আইনে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে। হাইওয়ে পুলিশ তদন্ত করছে।’
