গাজীপুরের কালিয়াকৈরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনার ৯ দিন পর গত বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।
নিহত ব্যবসায়ীর নাম কেশব কর্মকার (৪৬)। তিনি কালিয়াকৈর উপজেলার পালপাড়া এলাকার ভানু কর্মকারের ছেলে।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কেশব কর্মকার দীর্ঘদিন ধরে কালিয়াকৈর বাজারে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। স্বর্ণ ব্যবসাসহ নানা কারণে কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কেশব কর্মকার। ঋণের টাকা পরিশোধ করা নিয়ে তিনি কিছুদিন ধরে দুশ্চিন্তা ও হতাশায় ভুগছিলেন।
কেশব কর্মকার গত ১৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ঘর থেকে বেরিয়ে উঠানে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
