ট্রেনে কাটা পড়ে সাংবাদিকসহ দুজনের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:২০ এএম

চাঁপাইনবাবগঞ্জের হোসেন ডাইং এলাকায় ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৭) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামের মাহবুব হোসেন বাবুর ছেলে। তিনি দেশ বুলেটিন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আমানত উল্লাহ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একটি শাটল ট্রেন হোসেন ডাইং এলাকায় রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী হাসান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে তার ডান পা ও ডান হাত গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফজর আলী জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

রাজবাড়ী পাংশায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া পোড়াদহগামী শাটল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম তানিয়া আক্তার (৩০)। তিনি বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সৌদি প্রবাসী তারিকুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানিয়া তার বোনের বাড়ি থেকে ফেরার পথে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া পোড়াদহগামী শাটল ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিহতের মরদেহ সুরতহালের প্রক্রিয়া চলমান রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত