যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রশাসনিক দায়িত্ব থকে শিগগিরই সরে যেতে পারেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। বুধবার ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির কাছে এ কথা বলেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকো। বিষয়টি নিয়ে অবগত তিন ব্যক্তির বরাতে পলিটিকো বলছে, সরকারি দায়িত্ব ছেড়ে ব্যবসা পরিচালনায় ফিরে যাওয়া দরকার মাস্কের। এ বিষয়ে প্রেসিডেন্টও তার সঙ্গে একমত হয়েছেন। তবে ঠিক কবে নাগাদ দায়িত্ব ছাড়তে পারেন টেসলা ও স্পেস এক্স সিইও, সেটা জানায়নি পলিটিকো।
হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর সরকারি সক্ষমতা বিভাগ প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংস্থাটি পরিচালনার দায়িত্ব দেন ইলন মাস্ককে। তবে ডিওজিই নির্বাহী ক্ষমতাসম্পন্ন সরকারি প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি পরামর্শক প্রতিষ্ঠান যা ট্রাম্প নিজের ক্ষমতাবলে স্থাপন করেছেন। যুক্তরাষ্ট্রের সরকারের ওপর আর্থিক চাপ কমাতে কাজ করছিল মাস্কের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি। তাদের পরামর্শেই হাজার হাজার মানুষের চাকুরিচ্যুতি, বিভিন্ন সরকারি প্রকল্পে তহবিল স্থগিতের মতো সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের মন্ত্রিসভার কিছু মন্ত্রী হতাশা প্রকাশ করে অভিযোগ করেছেন, মাস্ক ব্যক্তিগতভাবে তার সীমা লঙ্ঘন করেছেন।
তবে এটা স্পষ্ট নয় যে, উইসকনসিন সুপ্রিম কোর্টের নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে মাস্কের ব্যর্থতা; যেখানে তিনি রিপাবলিকান প্রার্থীকে ২১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন- তার প্রস্থানকে ত্বরান্বিত করবে কি-না। ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাস্ক সম্ভবত প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। ফলে মাঝেমধ্যে তাকে হোয়াইট হাউজে দেখা যেতে পারে। তবে এই প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে হোয়াইট হাউজ, সরকারি সক্ষমতা বিভাগ বা মাস্কের কোনো প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পায়নি পলিটিকো।
তবে, এ খবরকে আবর্জনা বলেন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে তিনি উল্লেখ করেন, ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই প্রকাশ্যে বলেছেন যে, ডিওজিইতে তার অবিশ্বাস্য কাজ শেষ হলে মাস্ক একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে সরকারি পরিষেবা থেকে প্রস্থান করবেন। কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রে টেসলাকে নিয়ে বিক্ষোভ হয়েছে এবং শেয়ারের দাম কমছে। বিক্ষোভকারীরা টেসলার শোরুমগুলোর সামনে বিক্ষোভ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে তার ভূমিকা এবং সরকারি ব্যয় কমানোর চেষ্টায় সম্পূর্ণ সংস্থা বন্ধ করে দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এর আগে বুধবার এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে মন্ত্রিসভার সদস্যদের ধারণা দিয়েছেন যে, ইলন মাস্ক আগামী কয়েক মাসের মধ্যে তার প্রশাসনিক পদ ত্যাগ করবেন।
