খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৭ এএম

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওবায়দুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর হরিণটানা থানার বিপরীতে মম মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক লবণচরা থানাধীন মোহাম্মাদ নগর এলাকার সাহার উদ্দিন হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত ব্যক্তি মুরগির গাড়ির ছাদে উঠে কাজ করার সময় দুর্ঘটনাবশত ওপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ির নিচে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত