খুলনায় টিনের চালে চা-বিক্রেতার মরদেহ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৯ এএম

খুলনার ডুমুরিয়া উপজেলার সদরে (বড় বাজারের খান মার্কেট) চায়ের দোকানের টিনের চালের ওপর থেকে মহিতুর রহমার খানের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই দোকানেই চা বিক্রি করতেন। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে এক কার্টুন স্পিড (কোমল জাতীয় পানি) পাওয়া যায়। তবে মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছে নিহতের পরিবার।

মহিতুরের পিতা আব্দুর রহিম খান বলেন, ঈদের দিন বিকেলে ছেলের সাতক্ষীরা জেলার তালা থানার জিয়ালা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল। পুত্রবধূ হাবিবা খাতুন দুই সন্তান নিয়ে ঈদের আগে বাপের বাড়িতে বেড়াতে যায়। তবে গত বুধবার সকালে না খেয়ে তিনি নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। বাড়ির সঙ্গে নিজ চায়ের দোকানে তাকে রাতে বন্ধুদের সঙ্গে লুডু খেলতে দেখি। রাতে বাড়ি না ফেরায় সকালে তার ফোনে কল দিলে দোকানের মধ্যে ফোন বাজতে থাকে। এ সময় বাড়ি থেকে তালার বিকল্প চাবি নিয়ে সাটার খুলে ফোন পাওয়া গেলেও মতিুরকে না পেয়ে চারদিকে খুঁজতে থাকি। এ সময় বাজারের লোকজনও খুঁজতে গিয়ে চালের ওপর চিৎ অবস্থায় শুয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে রেখে গেছে বলে দাবি করেন তিনি।

ডুমুরিয়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মোল্যা বলেন, প্রকৃত মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত