শ্রীলঙ্কার কলম্বোতে শুক্রবার সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে। এর আগে সাফে নির্বাচন করতে হলে প্রার্থীর বয়স ৭০ বছরের নিচে থাকতে হতো। সর্বসম্মতিক্রমে বয়সের এই সীমা তুলে দেওয়া হয়েছে। সাফের গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান আগেই ইতিবাচক সম্মতি দিয়েছিল। তাই অন্যরাও এদিনের সভায় সংশোধনীতে আপত্তি করেননি।
১৯৫৪ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা সাফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের ২০২৬ সালে বয়স হবে ৭২। এ সংশোধনের ফলে তখন সাফ নির্বাচনের সময় ফের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে তার। এর আগে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সংবিধানেও সংশোধিত হয়েছে।
২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। এর পরের বছরই সাফের সভাপতি হয়েছেন। ২০০৯ থেকে টানা চার বার তিনি দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির পদে রয়েছেন। সাফের গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় রয়েছে, নির্বাহী কমিটির যে কোনো পদ সভাপতিসহ টানা তিন বার বা সব মিলিয়ে তিন বার অথবা ১২ বছরের অধিক সময়কাল অধিষ্ঠিত থাকতে পারবেন না। এই সংশোধনী আনা হয় ২০২২ সালে। ফলে সালাউদ্দিনের ২০১৮-২২ সালের দায়িত্ব পালনের মেয়াদ এই আওতায় পড়েননি। ২০২৬ সালে পুনরায় সভাপতি নির্বাচিত হলে এই আইনের আলোকে সেটাই হবে তার শেষ মেয়াদ।
সাফের বিশেষ সভায় এএফসির সভাপতি শেখ সালমান উপস্থিত ছিলেন। তিনি দক্ষিণ এশিয়ার ফুটবলের ওপর আরও গুরুত্ব আরোপ করেছেন। এদিকে চলতি বছরে জুনের শেষ সপ্তাহে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। এই টুর্নামেন্টের ভেন্যু এখনো নিশ্চিত হয়নি। শ্রীলঙ্কা বেশ আগ্রহ প্রকাশ করলেও সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ কলম্বোর মাঠসহ নানান সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
