মুগদায় ব্যাটারি রিকশার ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৭:০৯ এএম

রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি অটোরিকশার ধাক্কায় সুমি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুগদা মানিকনগর ওয়াসা রোডে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানিয়েছেন, সুমি বিভিন্ন বাসায় গিয়ে টিউশনি করতেন এবং একটি কোচিং সেন্টারে পড়াতেন।

হাসপাতালে নিহত সুমির প্রতিবেশী মেজবাহ উদ্দিন মোল্লা জানান, সুমি বিভিন্ন বাসায় টিউশনি করতেন। মানিকনগর ওয়াসা রোডে স্বামী মাহফুজ রহমানকে নিয়ে থাকতেন। রাতে টিউশনি শেষে বাসায় ফিরছিলেন তিনি। পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, শুক্রবার নিহতের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরপর মৃতদেহটি স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত