বাংলাদেশের চ্যালেঞ্জ সম্ভাবনা করণীয়

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম

বাংলাদেশ এখন পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস, রপ্তানির ইতিবাচক প্রবণতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং আন্তর্জাতিক স্বীকৃতির মতো বিষয়গুলো দেশটির অর্থনৈতিক সম্ভাবনাকে আরও দৃঢ় করছে। তবে এসব ইতিবাচক দিকের পাশাপাশি খাদ্যে ভেজাল, দুর্নীতি, আইনশৃঙ্খলা অবনতি, সড়কের বিশৃঙ্খলা এবং ব্যবসায়িক সিন্ডিকেটের দৌরাত্ম্য চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সামগ্রিকভাবে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সময়ে সঠিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া গেলে দেশ আগামী দশকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। যে কারণে বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার পর্যালোচনা অত্যন্ত জরুরি। ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে-

রিজার্ভ বৃদ্ধি : ঈদের আগে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা অর্থনীতির স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত দেয়। এটি দেশের আমদানি ব্যয় নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই রিজার্ভকে দীর্ঘমেয়াদে টেকসই রাখা এবং আরও বৃদ্ধি করা একটি চ্যালেঞ্জ, যা কৌশলগত পরিকল্পনা ও যথাযথ অর্থনৈতিক নীতির ওপর নির্ভরশীল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এটি বহির্বিশ্বে বাংলাদেশের ক্রেডিট রেটিং উন্নত করতে সহায়ক হবে, যা আন্তর্জাতিক বাজার থেকে ঋণ গ্রহণ সহজতর করতে পারে। পাশাপাশি, রিজার্ভ বৃদ্ধির ফলে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের জন্য মুদ্রানীতি পরিচালনা করা সহজ হবে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি : রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানোর জন্য সরকারকে নতুন শ্রমবাজার অনুসন্ধান, বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ব্যাংকিং চ্যানেলকে আরও সহজ ও আকর্ষণীয় করতে পারলে অনানুষ্ঠানিক মাধ্যমে রেমিট্যান্স পাঠানো কমতে পারে। প্রবাসী আয়ের সর্বোচ্চ ব্যবহার করা জরুরি। প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে তাদের জন্য সহজ ঋণসুবিধা, বিশেষ সঞ্চয় প্রকল্প এবং আকর্ষণীয় বিনিয়োগ পরিকল্পনা প্রয়োজন। এর ফলে একদিকে বৈদেশিক মুদ্রা আসবে, অন্যদিকে দেশের উৎপাদন খাতের প্রবৃদ্ধি বাড়বে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য হ্রাস : গত কয়েক মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলেছে। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, আটা-ময়দার মতো গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের দাম কমে আসায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বিশ^বাজারে খাদ্যশস্য ও জ¦ালানির মূল্য হ্রাস, সরবরাহ চেইনের উন্নতি এবং সরকারের বাজার নিয়ন্ত্রণ নীতির ফলে এই পরিবর্তন সম্ভব হয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষ করে, টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ, ভর্তুকিযুক্ত আমদানি এবং মজুদদারদের ওপর কড়া নজরদারি মূল্য হ্রাসে ভূমিকা রেখেছে। যদিও বর্তমান মূল্য হ্রাস সাধারণ জনগণের জন্য স্বস্তিদায়ক, তবে দীর্ঘমেয়াদে এটি ধরে রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, সরবরাহ শৃঙ্খলার অনিয়ম এবং অতি-লাভজনক ব্যবসায়িক প্রবণতা মূল্য হ্রাস প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও সরবরাহ চেইনের ওপর নির্ভর করেই ভবিষ্যতে মূল্য প্রবণতা নির্ধারিত হবে। একটি বড় উদ্বেগের বিষয় হলো, মূল্য হ্রাসের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী বাজারে নতুনভাবে মজুদদারি শুরু করতে পারে, যা আবারও কৃত্রিম সংকট সৃষ্টি করবে। রপ্তানি বাজার সম্প্রসারণ : বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত, যা বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। তবে শুধু পোশাকশিল্পের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে হলে রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে হবে। আইটি খাতের সম্ভাবনা দিন দিন বাড়ছে, বিশেষ করে সফটওয়্যার রপ্তানি, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এ খাতের আরও প্রসার ঘটাতে প্রযুক্তি খাতে বিনিয়োগ, দক্ষ জনশক্তি গঠন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ওষুধ শিল্প বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খাত, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি বাড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। দেশীয় ওষুধ উৎপাদন ও গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে, নতুন ওষুধ উদ্ভাবন এবং রপ্তানিযোগ্য ওষুধের মান উন্নত করে এই খাতকে আরও প্রতিযোগিতামূলক করা দরকার। একইভাবে, চামড়া শিল্পের ক্ষেত্রে শুধু কাঁচা চামড়া রপ্তানি না করে, সেটিকে প্রক্রিয়াজাত করে বিশ্বমানের চামড়াজাত পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাজার সম্প্রসারণ করা সম্ভব। কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে হবে। দেশে উৎপাদিত ফল, শাকসবজি, মসলা এবং অন্যান্য কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। অন্যদিকে জাহাজ নির্মাণ শিল্প ইতোমধ্যে বিশ্ববাজারে প্রতিযোগিতায় প্রবেশ করেছে। প্রযুক্তিগত উৎকর্ষ, দক্ষ জনবল এবং উচ্চমানের কাঁচামাল ব্যবহার করে এই খাতকে আরও প্রসারিত করা গেলে বাংলাদেশ দ্রুত একটি গুরুত্বপূর্ণ জাহাজ রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।

নেতিবাচক দিক : আইনশৃঙ্খলা উন্নয়ন ও আইনের যথাযথ প্রয়োগ : আইনশৃঙ্খলার অবনতি ঘটলে দেশের চলমান অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হলে, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, রাজনৈতিক সহিংসতা এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা বাড়াতে হলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জনগণের সম্পৃক্ততা ও আইন মেনে চলার গুরুত্ব : দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জনগণের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। কেবল সরকার বা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সম্ভব নয়; বরং সাধারণ নাগরিকদেরও রাষ্ট্রের কল্যাণে সচেতনভাবে ভূমিকা রাখতে হবে। আইন মেনে চলা প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্ব। ট্রাফিক আইন মানা, কর প্রদান করা, অপরাধ দমনে সহযোগিতা করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখা উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে পারে। দুর্নীতি, অবৈধ কার্যকলাপ ও অসততার কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হয়। সাধারণ জনগণ যদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং দায়িত্বশীল আচরণ করে, তবে দেশ আরও দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। সুশাসন ও ন্যায়বিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে জনগণের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের শাসন নিশ্চিত করতে হলে শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে নাগরিকদের মধ্যে নৈতিকতা ও দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে। তরুণ সমাজকে আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু : বাংলাদেশের শিল্প খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা বন্ধ হয়ে গেছে। এটি শুধু ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক গতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিল্প খাতের উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে, এসব ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা জরুরি।

রাজনৈতিক অস্থিরতার ফলে বিনিয়োগকারীরা আস্থা হারালে, নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে এবং হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। এর ফলে সামাজিক বৈষম্য বৃদ্ধি পাবে এবং দারিদ্র্যের মাত্রা আরও বাড়িয়ে দেয়। শিল্প খাতের স্থবিরতা সরকারের রাজস্ব আদায়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শিল্প প্রতিষ্ঠানগুলো যখন উৎপাদন বন্ধ করে দেয় বা আয় কমে যায়, তখন কর আদায়ের পরিমাণও কমে যায়। ফলে সরকারি উন্নয়ন প্রকল্পগুলো অর্থের অভাবে বাধাগ্রস্ত হয়। এ ছাড়া শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হলে আমদানি নির্ভরতা বেড়ে যায়, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। সরকারকে অবশ্যই রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রতি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। বর্তমান সাফল্য দীর্ঘমেয়াদে ধরে রাখতে হলে, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন, খাদ্যে ভেজাল রোধ, ব্যবসা সিন্ডিকেট ভাঙা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। একটি সুসংগঠিত নীতি, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণের সচেতনতা, আইনের প্রতি শ্রদ্ধা এবং নৈতিকতা বজায় রাখা হলে দেশ আরও গতিশীলভাবে এগিয়ে যাবে। সময় এসেছে একসঙ্গে কাজ করার, যাতে দেশের প্রতিটি নাগরিক উন্নয়নের সুফল উপভোগ করতে পারে।

লেখক: সাংবাদিক, সমাজ গবেষক

[email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত