সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে আরেক ভাই আবুল হোসেন।
কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন জানান, গতকাল শনিবার সকালে বোয়ালিয়া গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন শেখ পাড়ার মৃত ফজর আলীর মেজ ছেলে। আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহত ও আহতের অপর দুই ভাই সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শেখপাড়ার পাশের নৌখালে শনিবার সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন ও সোহরাব হোসেন মাছ ধরছিলেন। কিছুক্ষণের মধ্যে মোশাররফ বড় একটি মৃগেল মাছ পান। এ সময় সোহরাব তার পাশ থেকে মাছ ধরা হয়েছে বলে সেই মাছ দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মাছ কেড়ে নেওয়া নিয়ে ধস্তাধস্তি হয়। খবর পেয়ে তাদের অপর দুই ভাই আবুল হোসেন ও আশারাফ হোসেন ঘটনাস্থলে যান। চার ভাইয়ের মধ্যে মারামারির সময় সোহরাব ছুরি দিয়ে মোশাররফ হোসেন ও আবুল হোসেনকে আঘাত করেন। এতে ওই দুই ভাই আহত হন। স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নেওয়ার পথে মোশাররফ হোসেন মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে সোহরাবকে গ্রেপ্তার করে। পরে বেলা সাড়ে এগারোটার দিকে পাশের বাড়িতে পালিয়ে থাকা অবস্থায় আরেক ভাই আশরাফকেও গ্রেপ্তার করে পুলিশ।
