গতকাল শনিবার রাজধানীতে দিনভর ছিল গরম, অস্বস্তিকর আবহাওয়া। সন্ধ্যায় শুরু হয় বজ্রঝড় ও বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে কয়েক দিন ধরে চলা অস্বস্তিকর পরিবেশে কিছুটা স্বস্তি ফিরে আসে নগরীতে। গরম কমে। ঠান্ডা পরিবেশে মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়।
সন্ধ্যার আগে থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এরপরই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ধুলোয় ঢেকে যায় আকাশ। এরপর গুলিস্তান, শাহবাগ, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশের আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় ঢাকা অতিক্রম করেছে। সঙ্গে ছিল দমকা হাওয়া, বজ্রঝড় ও বজ্রবৃষ্টি। ফলে ঢাকার তাপমাত্রা অনেকটাই কমে গেছে।
এই আবহাওয়াবিদ বলেন, এপ্রিল এভাবেই ঝড়বৃষ্টির মধ্য দিয়ে যাবে, গরম কমবে ও বাড়বে। যখন বজ্রঝড় হবে তখন তাপমাত্রা কমে গিয়ে অল্প সময়ের জন্য স্বস্তি আসবে। বজ্রবৃষ্টি আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টার হয়।
ফের বজ্রবৃষ্টির আভাস : আবহাওয়া অধিদপ্তর দেশের সাত বিভাগে পরবর্তী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে। অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
অধিদপ্তর জানায়, আজ রবিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিদ্যুৎ চমকাতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল সোমবার সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিদ্যুৎ চমকাতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৩৪ জেলায় তাপপ্রবাহ : গতকাল শনিবার দেশের ৩৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগ এবং দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
