জগদ্বিখ্যাত বাঙালি সেতারবাদক ও সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর ১৯২০ সালের ৭ এপ্রিল ভারতের উত্তরপ্রদেশের বারানস শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি এবং পূর্বপুরুষের নিবাস বাংলাদেশের নড়াইলের কালিয়া উপজেলায়। ‘রবিশঙ্কর’ নামে পরিচিত হলেও তার পুরো নাম রবীন্দ্র শঙ্কর চৌধুরী। রবিশঙ্কর ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মাইহার ঘরানার স্রষ্টা ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য। রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে ষাটের দশকে পাশ্চাত্য দুনিয়ায় পরিচিত করে তোলেন। রবিশঙ্করের বড় ভাই উদয় শঙ্কর ছিলেন কিংবদন্তিতুল্য শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ১৯৩০ সালে তিনি বড় ভাইয়ের কাছে প্যারিসে যান এবং কিশোর বয়সের বড় একটা সময় সেখানেই কাটান। ১৯৩৮ সালে তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে সেতারের তালিম নিতে শুরু করেন। রবিশঙ্কর প্রথম দর্শকের সামনে আসেন ১৯৩৯ সালে, আহমেদাবাদে। ১৯৫৪ সালে সোভিয়েত ইউনিয়নে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বাহক হিসেবে প্রথম আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি ঘটে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর আয়োজন করেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’, ‘ভারতরতœ’ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘দেশিকোত্তম’-এ ভূষিত হন রবিশঙ্কর। ২০১২ সালের ১১ ডিসেম্বর ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন পণ্ডিত রবিশঙ্কর।
×
